হোমনায় শিক্ষক না থাকায় স্কুল বন্ধ

হোমনা উপজেলার মনাইরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘ ১৫ দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার স্কুল খোলার দিন থাকলেও খোলেনি, আজ রবিবারও স্কুলটি বন্ধ থাকবে। শনিবার ও রবিবার স্কুলের একমাত্র শিক্ষক খায়রুল হাসান বিষয় ভিত্তিক প্রশিক্ষণে থাকবেন বলে এ অবস্থার সৃষ্টি হচ্ছে। স্কুলটিতে প্রধান শিক্ষকসহ মোট তিন জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে প্রধান শিক্ষক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এবং অপর সহকারী শিক্ষক বিনা অনুমতিতে এক বছর যাবত্ স্কুলে অনুপস্থিত রয়েছেন। বর্তমানে একজন শিক্ষক দিয়েই চলছে পুরো স্কুলের কার্যক্রম। একমাত্র শিক্ষক অসুস্থ কিংবা স্কুলের দাপ্তরিক কাজে স্কুলে আসতে না পারলে ঐ দিন স্কুল বন্ধ থাকে। এ অবস্থায় স্কুলের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এদিকে কর্তৃপক্ষের কোনো নজর না থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্কুলের সাধারণ শিক্ষার্থীসহ অভিভাবকরা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবে আলম জানান, খুব শীঘ্রই স্কুলে দু’জন শিক্ষক পোস্টিং দেয়া হবে।