ফ্রেডের গোলে রক্ষা পেল ব্রাজিল
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২২:০৮
ফ্লুমিনিজ স্ট্রাইকার ফ্রেড শুধু এক বছরের মধ্যে প্রথম আন্তর্জাতিক গোলই করেননি, তার গোলে ব্রাজিল নিজের মাঠে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটিও জয় দিয়ে শেষ করলো। সার্বিয়ার বিরুদ্ধে সাও পাওলোয় অনুষ্ঠিত খেলাটিতে ব্রাজিল ১-০ গোলে জিতলেও তা সমর্থকদের সন্তুষ্ট করতে পারেনি।
ব্রাজিল এ নিয়ে গত বছরের জুন থেকে যে ১৬টি ম্যাচ খেললো তার মধ্যে ১৫ বার জয়ী হলো। লুই ফিলিপে স্কোলারির ব্রাজিল দল এখন রিও ডি জেনিরো থেকে ১০০ কিলোমিটার দূরের অনুশীলন কেন্দ্র টেরেসোপোলিসে ফিরে যাবে ১২ জুনের উদ্বোধনী খেলাটির জন্য ভালভাবে প্রস্তুত হতে।
ফ্রেড এই রাতে অধিনায়ক থিয়াগো সিলভার কাছ থেকে পাওয়া বলটি বুকে ধরে ডান পায়ের শটে সার্বিয়ার জালে পাঠান। তখন খেলার ৫৮ মিনিট। তার আগ পর্যন্ত মনে হচ্ছিল না যে ব্রাজিল জিততে পারবে। দর্শকরাও তাই নেইমারদের দুয়োধ্বনি দিতে থাকে। ব্রাজিল কোচ স্কোলারি অবশ্য তার দলের এমন হতাশ করা নৈপুণ্যে খুব একটা দুশ্চিন্তা করেননি। বিশেষ করে প্রথমার্ধের বিরক্তিকর খেলায় যা দর্শকদের ক্ষিপ্ত করে। এর মধ্যে ফ্রেডই ছিলেন দর্শকদের দুয়োধ্বনির প্রধান শিকার। দর্শকরা এমনকি তাকে তুলে নিয়ে স্থানীয় ‘হিরো’ লুই ফ্যাবিয়ানোকে নামাতে বলে। স্কোলারি এ প্রসঙ্গে বলেন, ‘দুয়োধ্বনি স্বাভাবিক ব্যাপার। আমরা আমাদের মতো খেলতে পারিনি বলে ইতিপূর্বে অন্য স্টেডিয়ামগুলোতেও তাই ঘটেছে। আমাদের খেলোয়াড়রা এজন্য পুরোপুরি প্রস্তুত আছে এবং জানে যে সবসময়ই কিছু লোক থাকবে অসন্তুষ্টি নিয়ে। সমর্থকরা আমাদের একটা ধারণা দিয়েছে যা থেকে বোঝা যায় তারা ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কি চায়।’
কোচ অবশ্য গত বছরের জুনের কনফেডারেশন কাপের পর করা ফ্রেডের প্রথম গোলটির প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘গোলটি ফ্রেডের জন্য গুরুত্বপূর্ণ। তবে ফ্রেডকে প্রত্যেক খেলায় গোল করতে এমন ধারণা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। যদি আরেকজন খেলোয়াড় গোল করে, তবে সেটাও হবে দারুণ। আশা করি ব্যাপারটা তাকে আরো আত্মবিশ্বাসী করে তুলবে।’
এদিকে নেইমার খেলা শেষে জানান, প্রতিপক্ষ এদিন তাদের যেভাবে আটকে দিয়েছিল তার সমাধান খুঁজে বের করতে হবে তার দলকে। খেলা শেষে নেইমার বলেন, ‘তিনি আশা করছেন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তাদের একইরকম বিরোধিতার মুখোমুখি হতে হবে।