মুলার নয়, রোনালদোর ওপর চোখ ক্লোসার

আর্মেনিয়াকে ৬-১ গোলে বিধ্বস্ত করার রাতে এক গোলের পাশাপাশি দারুণ একটা ব্যক্তিগত রেকর্ডেরও মালিক হয়েছেন মিরোস্লাভ ক্লোসা। জার্ড মুলারকে টপকে জার্মানির পক্ষে সর্বোচ্চ গোলদাতা এখন ক্লোসা। তবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দারুণ রেকর্ডের সামনে দাঁড়ানো এই স্ট্রাইকার জানিয়ে দিয়েছেন, মুলারের রেকর্ড নয়, তার মূল লক্ষ্য বিশ্বকাপে গোল করা। ইতালির ক্লাব ল্যাজিওতে খেলা ক্লোসা গতকাল দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল পান একটি। যদিও লুকাস পোডলস্কি, আন্দ্রে স্কুরেলদের গোলে এর আগেই ম্যাচ প্রায় নিশ্চিত করে ফেলে জার্মানি। তবে ক্লোসার এ গোল দলের জন্য খুব বড় কোন কাজে না আসলেও এই গোলের মাধ্যমেই দারুণ এক ব্যক্তিগত অর্জনের মালিক হয়ে গেলেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে ৬৯তম গোলে কিংবদন্তী জার্ড মুলারকে টপকে তিনিই এখন তিনবারের বিশ্বকাপ জয়ীদের পক্ষে সর্বোচ্চ গোলদাতা। তবে ম্যাচ শেষে ক্লোসা জানালেন, এই রেকর্ড নয় বরং বিশ্বকাপে দলকে জেতানোই হবে তার আসল দায়িত্ব। তিনি বলেন, ‘অবশ্যই এই রেকর্ডটা আমার কাছে তাত্পর্যপূর্ণ। তবে আমার কাছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বকাপে পুরোপুরি ফিট হিসাবে অংশ নেয়া। দ্বিতীয়ার্ধে দল যেমন খেলেছে সেরকমটা হলে বিশ্বকাপেও ভালো সুযোগ থাকছে আমার সামনে।’ তিনটি বিশ্বকাপে সব মিলে ১৪ গোল করা ক্লোসা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন দ্বিতীয় স্থানে। তার চেয়ে একটি মাত্র গোল বেশি নিয়ে সবার উপরে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদো। ফুটবল ইতিহাসে অমরত্ব লাভের বিরল সুযোগের সামনে দাঁড়িয়ে থাকা ক্লোসার উত্কণ্ঠাটার কারণটা তাই বোঝাই যায়! জার্মানির পক্ষে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ক্লোসার পরেই আছেন জার্গেন ক্লিন্সম্যান এবং ক্লোসার বর্তমান সতীর্থ লুকাস পোডলস্কি। দুজনের গোলসংখ্যাই ৪৭। গোল ডট কম।