সরকার জবরদস্তির শাসন চালাতে চায় :ফখরুল
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২৩:১১
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। এভাবেই জবরদস্তির শাসন চালাতে চায়। জনগণ তাদের প্রতিহত করবে। আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম মুছে ফেলার অপচেষ্টা করছে। কিন্তু এতে কোন লাভ হবে না।
গতকাল শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সাংবাদিক মহিউদ্দিন খান মোহনের লেখা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী নির্ভর উপন্যাস ‘প্রাচীর’ এর প্রকাশনা উত্সবে তিনি এসব কথা বলেন। আলহাজ্ব শফি বিক্রমপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, কবি আব্দুল হাই শিকদার, সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী, লেখক মহিউদ্দিন খান মোহন, ঢাবি সিনেট সদস্য লিয়াকত আলী, মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।
মির্জা ফখরুল বলেন, এই সরকার আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকেও খুনি বানিয়েছে। বাংলাদেশের যত গডফাদার রয়েছে, ক্রিমিনাল, খুনি রয়েছে তাদের সকলের দায়িত্ব আওয়ামী লীগ নিয়েছে।
তিনি বলেন, গোটা বাংলাদেশে খুন, গুম, অপহরণ হচ্ছে। নতুন প্রজন্মের কাছে পরিষ্কারভাবে ফুটে উঠেছে সরকারের আসল চেহারাটা কি।