চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ

চট্টগ্রামে কাইসার (২৪) নামে এক তরুণকে গত দুইদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাইসার নগরীর ফয়’স লেক এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) বিএসসি ইঞ্জিনিয়ারিং-এর ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র। তিনি গত শুক্রবার সকাল ৬টার দিকে বাকলিয়া থানার পূর্ব বাকলিয়ার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এ ব্যাপারে বাকলিয়া থানায় জিডি এবং র্যাব কার্যালয়ে লিখিতভাবে অভিযোগ দেয়া হয়েছে। এদিকে পরিবারের পক্ষ থেকে কাইসারকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। কাইসারের মামা মুহাম্মদ সরোয়ার চৌধুরী বলেন, কিছুদিন যাবত্ কাইসার পাশের বাসার এক ব্যাংক কর্মকর্তার স্কুল পড়ুয়া মেয়ের সাথে ঘনিষ্ঠভাবে কথাবার্তা বলতো। বিষয়টি মেনে নিতে পারেনি মেয়ের পরিবার। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। মেয়ের দুই ভাই কাইসারকে দেখে নেয়ার হুমকি দিয়েছে। তারাই কাইসারকে অপহরণ করেছে। মেয়ের ভাইদের আটক করলে আসল ঘটনা বের হয়ে আসবে বলে তিনি দাবি করেন।