উন্নয়নের জন্য শুধু পশ্চিমা দেশে না তাকিয়ে এবার পূর্ব পানে তাকান
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২৩:১৩
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোশিমা বলেছেন, বাংলাদেশের উন্নয়নে শুধু পশ্চিমা দেশগুলোর দিকে তাকালেই হবে না। বাংলাদেশ সরকার ও ব্যবসায়ীদের এবার পূর্ব পানে তাকানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জাপানের সাথে অর্থনৈতিক সম্পর্ক বাড়ালে এদেশের উন্নয়নের সহায়ক হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এখন সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সরকারের ভিশন-২০২১ সফল হবে। তিনি বলেন, এ দেশের মানুষ খুব পরিশ্রমী। তারা কাজ করতে পারে। তাদের কাজে লাগালে উন্নয়ন আরো গতি পাবে।
গতকাল শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার আমড়াতলী ইউনিয়নের ফলকামুড়ী গ্রামে শাহেরবানু আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত জাপানের শিক্ষা সংস্কৃতি ও সভ্যতা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহেরবানু আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি, মো. নূরুল ইসলাম মিলন এমপি, সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, জাপানের সাথে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক আগামীতে আরো সুদৃঢ় করতে সরকারের যথেষ্ট আগ্রহ ও সদিচ্ছা রয়েছে।