যারা সরকারকে অবৈধ বলেন তারা গণতন্ত্র

জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যারা বর্তমান সরকারকে অবৈধ বলছেন তারা গণতন্ত্র, সংবিধান ও নির্বাচন মানেন না। তারাই এদেশকে জঙ্গি, সাম্প্রদায়িক দেশে পরিণত করতে চায়। তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। একাত্তরে যেভাবে দেশ স্বাধীন হয়েছিল সেভাবেই ৫ জানুয়ারির নির্বাচনে মহাজোট সরকার সাংবিধানিকভাবে ক্ষমতায় এসেছে। তাই এ সরকার যে কোন মূল্যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করবে। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে গতকাল শনিবার বিকালে জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার কোন জায়গা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করে চলেছেন। এ লড়াইয়ে হয় জঙ্গিবাদ থাকবে না হয় বাংলাদেশ থাকবে। সম্মেলনে জেলা জাসদের সভাপতি আমিরুল ইসলাম রাঙার সভাপতিত্বে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় সহ-সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, করিম শিকদার, আফরোজা হক রীনা প্রমুখ।