মানিকগঞ্জে বাসচাপায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২৩:১৫
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে বাসচাপায় ৪ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় বাসচাপায় মানিকগঞ্জ পশু হাসপাতালের ভেটেরিনারি সার্জন দুলালী রানী সরকার (৫০) ও তার স্বামী শরিয়তপুর জেলা মত্স্য কর্মকর্তা দয়াল চন্দ্র রায় (৫৬) নিহত হন। নিহত ওই দম্পতির বাড়ি মানিকগঞ্জ শহরস্থ গঙ্গাধরপট্টির বনগ্রাম আবাসিক এলাকায়। শনিবার দুপুরে ঘিওরের জোকা এলাকায় বাসচাপায় দুই যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। ঘিওরের বানিয়াজুরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সবজাল ও প্রচার সম্পাদক রুবেল মোটরসাইকেলে আরিচা যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। বিক্ষুব্ধ লোকজন বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে এবং ঈগল পরিবহনের বাসটিতে আগুন দেয়। এ সময় মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
দুই নছিমনের সংঘর্ষে স্কুল
ছাত্রের হাত বিচ্ছিন্ন
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গফরগাঁও-ময়মনসিংহ সড়কের রৌহা এলাকায়
গতকাল শনিবার সকালে বেপরোয়া গতির দুই নছিমনের মুখোমুখি সংঘর্ষে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রের বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া চার ছাত্রী আহত হয়েছে।
গফরগাঁওয়ের রৌহা এলাকার আক্তারুজ্জামান দাখিল মাদ্রাসার সামনে একটি নছিমনের সাথে বেপরোয়া গতির আরেকটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আপেলের বাম হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে।