উনিশ দেশের রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে ফ্রান্সে ডি-ডে উদযাপন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের মূল ভূখন্ডে স্থল অভিযান শুরুর ৭০তম বার্ষিকী ছিল ৬ জুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে ফ্রান্সে ঊনিশটি দেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে ডি-ডে বার্ষিকী উদযাপন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাত্সী বাহিনীর হাতে নিহত সৈন্যদের শ্রদ্ধা জানাতে ফ্রান্সে একত্রিত হয়েছিলেন বিশ্বের প্রায় ঊনিশটি দেশের রাষ্ট্রপ্রধান এবং সেনাবাহিনীর কয়েকশ’ অবসরপ্রাপ্ত সৈনিক। ফ্রান্সের রনম্যান্ডিতে ডি-ডের অনুষ্ঠানে ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁল্যাদ ঐতিহাসিক এই জায়গাটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণার আহ্বান জানিয়েছেন। ১৯৪৪ সালের ৬ জুন, নাত্সী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে প্রায় ১ লক্ষ ৫৬ হাজার যৌথবাহিনীর সদস্য ফ্রান্সে অবতরণ করেন। দিনশেষে প্রায় সাড়ে চার হাজার সৈন্য মারা যান, যা বিশ্বের সেনা ইতিহাসে সবচেয়ে বড় সামরিক অভিযান। — বিডিনিউজ