নতুন কর বসছে কৃষি জমি বিক্রিতে
প্রকাশ : ০৮ জুন ২০১৪, ২০:৪১
কৃষি জমি বিক্রয়ের ক্ষেত্রে নতুন করে কর বসানো হয়েছে। গত বৃহস্পতিবার সংসদে পেশকৃত বাজেটে কৃষি জমির বিক্রয় মূল্যের উপর ১ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী ২৯ জুলাই এই প্রস্তাব পাস হলে পহেলা জুলাই থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে। আইন অনুযায়ী, এই কর বিক্রেতাকে বহন করতে হবে। যেমন গ্রামে কোন কৃষক ১ লাখ টাকা মূল্যের জমি বিক্রি করলে ১ শতাংশ হারে বাড়তি ১ হাজার টাকা কর হিসেবে সরকারের ঘরে দিতে হবে। এর ফলে আয়করের ঘাত একজন কৃষকের উপরও দেয়ার ব্যবস্থা করা হলো। তার করযোগ্য আয় না থাকা সত্ত্বে এই কর দিতে হবে তাকে।
সংশ্লিষ্টরা বলছেন, একজন কৃষকের হয়তো করযোগ্য আয় নেই। অথচ জমি বিক্রয়ের কারণে তার উপর কর আরোপ হচ্ছে। এটি আয়করের সামঞ্জস্যতার নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
অবশ্য এ বিষয়ে রাজস্ব বোর্ডের (এনবিআর) ব্যাখ্যা ভিন্ন। আয়কর বিভাগের সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, আইন অনুযায়ী জমি বিক্রয়ের ক্ষেত্রে এই কর বিক্রেতাকে দিতে হবে— এটা সত্য। কিন্তু জমি বিক্রির ক্ষেত্রে বাস্তব অনুশীলন হলো - এই টাকা ক্রেতাই পরিশোধ করে থাকেন। আর যিনি জমি ক্রয় করেন তার এই বাড়তি কর পরিশোধ করার ক্ষমতা নিশ্চয়ই থাকবে। এ নিয়ে কোন ধরনের ঝামেলা তৈরি হবে না বলেই তার মত।
এছাড়া বাড়ি, বাজার বা আবাসিক এলাকার জমিও কৃষি জমি হিসেবে বিক্রি করা হয় উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দেয়া হয়। এর ফলে ওই ফাঁকি কিছুটা হলেও বন্ধ হবে।