বিতর্কের আরেক নাম যেন ‘মল্লিকা’
প্রকাশ : ০৮ জুন ২০১৪, ২১:১২
বলিউড আইটেম গার্ল একটি কাজ করবেন। আর তা নিয়ে বিতর্ক হবে না এটা তো ভাবাই যায় না। এবারও ব্যতিক্রম হলো না। ভারতের জাতীয় পতাকাকে অবমাননার দায়ে মামলার গ্যাঁড়াকলে পড়েছেন তিনি। মামলাটি করেছে সুমিত কুমার নামে তারই এক ভক্ত।
‘ডার্টি পলিটিক্স’ ছবির পোস্টারে দেখা গেছে ৩৭ বছর বয়সী মল্লিকা অর্ধনগ্ন অবস্থায় শরীরে ভারতের পতাকা জড়িয়ে গাড়ির ওপর বসে আছেন। এ নিয়ে তুমুল সমালোচনার ঝড় বইছে বলিউডসহ রাজনৈতিক অঙ্গনে।
২৪ বছর বয়সী শিক্ষার্থী সুমিতের মতে, কান উত্সব ও হলিউডসহ আন্তর্জাতিক পর্যায়ে ভারতীয় ছবির প্রসারে মল্লিকারও অবদান রয়েছে। কিন্তু মাতৃভূমির জাতীয় পতাকার অবমাননা তার কাছে আশা করা যায় না। শুধু মল্লিকা না, ছবিটির নির্মাতাদের বিরুদ্ধেও মামলা করেছেন ওই ভক্ত।
যোধপুরের ভানওয়ারি দেবীর যৌন কেলেঙ্কারির ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘ডার্টি পলিটিক্স’। এতে মল্লিকার সহশিল্পী অনুপম খের, ওম পুরি, রাজপাল যাদব। ছবিটি এ বছরেই মুক্তি পাওয়ার কথা।