এটিএন বাংলায় নতুন রিয়েলিটি নিয়ে কিরণ
প্রকাশ : ০৮ জুন ২০১৪, ২১:১২
সমসাময়িক রাজনৈতিক ইস্যু এবং জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে শুরু হতে যাচ্ছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘পাবলিক পার্লামেন্ট’। হাসান আহমেদ চৌধুরী কিরণের পরিচালনায় এবারের প্রতিযোগিতার স্লোগান ‘যুক্তির আলোয় খুঁজি মুক্তির পথ’। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাছাইয়ের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিযোগিতার অনুষ্ঠানগুলো এটিএন বাংলা সাপ্তাহিক ভিত্তিতে প্রতি শুক্রবার সকালে প্রচার করবে। প্রতিযোগিতার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান ‘পাবলিক পার্লমেন্ট’-এ জনগণের কল্যাণ, রাষ্ট্রের জবাবদিহিতা, সুশাসন, গণতন্ত্রের ভবিষ্যত্, ভোটের অধিকার, আইনের শাসন, সামাজিক ন্যায্যতা-ন্যায়বিচার, সরকারের দায়বদ্ধতা, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি, মৌলিক মানবাধিকার, রাজনৈতিক দলের করণীয় ইত্যাদি বিষয় তুলে ধরা হবে। তবে একই সাথে আগামীর বাংলাদেশ দেশের তরুণ সমাজ কীভাবে দেখতে চায়, তরুণ সমাজের চিন্তা-ভাবনা সে বিষয়গুলোও সুন্দরভাবে উঠে আসবে এই প্রতিযোগিতায়। বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গির আলোকে অনেক বিষয়ে চুলচেরা বিশ্লেষণ দেখা যাবে ‘পাবলিক পার্লমেন্ট’-এ। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে স্ব-স্ব কর্তৃপক্ষের মাধ্যমে এটিএন বাংলা কার্যালয়ে যোগাযোগের নির্দেশ দিয়েছেন অনুষ্ঠান কর্তৃপক্ষ।