আট গুণীজনকে শেরেবাংলা সম্মাননা স্মারক প্রদান
প্রকাশ : ০৮ জুন ২০১৪, ২১:৪২
বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৮ গুণীজনকে শেরে বাংলা সম্মাননা স্মারক-২০১৩ প্রদান করেছে সোসাইটি ফর ইকো সোস্যাল এন্ড বেসিক অ্যাওয়ারনেস (সেবা)। গতকাল রবিবার বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়। সেবার উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাডভোকেট বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ আখতার ইউসুফ ও দৈনিক ইত্তেফাকের পরিচালক তারিন হোসেন।
সম্মাননা পাওয়া ৮ জন হলেন— সমাজ সেবায় এসএম আনিসুর রহমান, আমদানি ও রফতানি শিল্পে ইদ্রিস আলী মোল্লা, মফস্বল সাংবাদিকতায় (অনলাইন) মামুনুর রশিদ নোমানী, আবাসন শিল্পে শের-এ-গুল, সাংগঠনিক কার্যক্রমে সাইদুল আবেদীন ডলার, তরুণ নেতৃত্বে তারিন হোসেন, গ্রামীণ উন্নয়নে মো:মহিউদ্দিন মহারাজ এবং মফস্বল সাংবাদিকতায় শঙ্কর জীত্ সমদ্দার।
এর আগে ‘পরিবেশ বিপর্যয় রোধে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক আলোচনা সভায় এ্যাডভোকেট বীরেন শিকদার বলেন, উন্নত দেশগুলোর বিলাসিতা এবং আধুনিক প্রযুক্তির অধিক ব্যবহারে ক্ষতির শিকার হচ্ছে বাংলাদেশ। আর তাই উন্নত দেশগুলোর কাছে পরিবেশ বিপর্যয়ের জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে-বিদেশে এটি ব্যাপক প্রশংসিত হয়েছে।
তারিন হোসেন বলেন, আমাদের ঘর থেকেই পরিবেশ রক্ষায় সচেতনতা শুরু করতে হবে। পাশাপাশি শিশুদের পরিবেশ বিষয়ে সচেতন করে তুলতে হবে। প্রত্যেক স্কুলে একটি করে খেলার মাঠ থাকলে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। আমরা চাই নতুন প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ রেখে যেতে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেবার চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন কাজী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিদুল হাসান খোকন, মাসুদ এ খান, নূর-ই-আলম।