ওষুধ সেবন:চিকিত্সকের পরামর্শ মেনে চলুন
প্রকাশ : ০৮ জুন ২০১৪, ২১:৪২
আমাদের নানা সমস্যায় ওষুধ সেবন করতে হয়। আবার অনেকে কোন যৌক্তিক কারণ ছাড়াও ওষুধ সেবন করে থাকেন। তবে যে কারণেই হোক না কেন ওষুধ কোন চিকিত্সকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত। কারণ অনেক ওষুধ আছে যা খাওয়ার আগে এবং অনেক ওষুধ আছে আহারের পর সেবন করতে হয়। আবার অনেক ওষুধ আছে আহরের আগে পরে উভয় সময় সেবন করা যায়। এছাড়া ওষুধ সেবনের ক্ষেত্রে অবশ্যই চিকিত্সকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে বেশী বা কম পরিমাণ সেবন করা উচিত নয়। পাশাপাশি দেখতে হবে ওষুধ কেনার সময় সঠিক ওষুধটি কেনা হয়েছে কিনা। অনেক ফার্মেসী থেকে অধিক মুনাফা লাভের জন্য নিম্নমানের কোম্পানীর ওষুধ দিয়ে থাকে। যেমন: চিকিত্সক হয়ত লিখলেন স্কয়ার, ইনসেপ্টা, বেক্সিমকোর ওষুধ, আর ওষুধের দোকান থেকে একই ধরনের নামের বা একই গ্রুপের একটি অখ্যাত কোম্পানীর নিম্নমানের ওষুধ দেয়া হলো। ফলে ওষুধ সেবন করেও কাঙ্ক্ষিত ফল পেলেন না। তাই ওষুধ কেনার সময় বুঝে নেবেন প্রেসক্রিপশনের সঠিক ওষুধটি দেয়া হয়েছে কিনা। এছাড়া কোন ওষুধ সেবন করতে ভুলে গেলে খানিকটা পরে অথবা পরের দিন ওষুধ সেবন করা যাবে। কখনও নির্ধারিত সময়ের আগে ওষুধ সেবন বন্ধ রাখা উচিত নয়। তবে ওষুধ সেবনের কারণে যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয় বা এলার্জি হয় বা অস্বস্তিকর কিছু হয় তবে তাত্ক্ষণিকভাবে চিকিত্সকের পরামর্শ নেয়া ভালো। আর যদি চিকিত্সকের পরামর্শ নিতে বিলম্ব হয় তবে ওষুধটি সাময়িকভাবে সেবন বন্ধ রাখা যেতে পারে।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ