ফরমালিন ঠেকাতে রাজধানীর ৮ প্রবেশপথে চেকপোস্ট

মৌসুমী ফলসহ খাদ্যদ্রব্যে ফরমালিন রোধে রাজধানীর ৮টি প্রবেশপথে বসানো হচ্ছে পুলিশের চেকপোস্ট। বুধবার রাত থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে। যেখানে চেকপোস্ট বসছে সেগুলো হচ্ছে-নগরীর পোস্তাগোলা ব্রিজ, যাত্রাবাড়ীর সাইনবোর্ড, ডেমরা চৌরাস্তা, বাবুবাজার ব্রিজ, সদরঘাট/ ওয়াইজঘাট, গাবতলী পর্বতা সিনেমা হলের সামনে, আব্দুল্লাহপুর ব্রিজ ও আশুলিয়ার ধউর ব্রিজ। ঢাকা বিভাগীয় প্রশাসন ও বিএসটিআই-এর সহযোগিতায় চেকপোস্ট পরিচালিত হবে। গতকাল বুধবার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। মধু মাসে ৮টি প্রবেশপথে চেকপোস্ট বসানোর উদ্দেশ্য সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, ফলসহ খাদ্যদ্রব্যে ফরমালিন মেশানোর ব্যাপারে ব্যবসায়ী ও উত্পাদনকারী সবাই দায় এড়িয়ে যায়। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তারা পরস্পরকে দোষারোপ করে থাকেন। তাদের অভিযোগ, উত্পাদনকারীরা গাছ থেকে ফল ছেঁড়ার পরই ফরমালিন মেশায়। ফলে তাদের কিছু করার উপায় থাকে না। উত্পাদনকারীরা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, পাইকারি ও খুচরা বিক্রেতারা ফলে ফরমালিন ও কার্বাইড মেশায়। ডিএমপি কমিশনার বলেন, কোন পাইকারি ফল ক্রেতা আগেই ফলের দাম পরিশোধ করবেন না। ফল আনার সময় যদি পুলিশের হাতে ফরমালিনযুক্ত ফল ধরা পড়ে তাহলে সেগুলো ধ্বংস করা হবে। সেই ফলের দাম পাইকারি ক্রেতারা পরিশোধ করবেন না। রাজধানীর প্রবেশপথগুলোতে চেকপোস্টের পাশাপাশি রাজধানীর বাজারগুলোতেও ফরমালিনবিরোধী ডিএমপির অভিযান অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (লজিসিটকস) আব্দুল জলিল মণ্ডল, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) আব্দুল জলিল, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মিলি বিশ্বাস, যুগ্ম-কমিশনার (গোয়েন্দা) মনিরুল ইসলাম প্রমুখ।