স্বৈরাচারী আচরণ করে কেউ বেশিদিন টিকে থাকতে পারেনি -ড. কামাল হোসেন

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, স্বৈরাচারী আচরণ করে কেউ বেশিদিন টিকে থাকতে পারেনি। প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই বিশেষ দূতকে আমরা ৫ বছর জেলে রেখেছি। এতেও তার পুরোপুরি শিক্ষা হয়নি। এই বিশেষ দূতের অতীতের ঘটনা ভুলে গেলে চলবে না। অপরাধ করে কেউ কখনো পার পেতে পারে না- কেউ কখনো পায়নি। নাগরিক ঐক্যের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার রাজধানীর মিরপুরে এক কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অর্থমন্ত্রী আমার বন্ধু মানুষ। একসময় আমার সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন। এখন তিনি একটি বড় দলের বড় মন্ত্রী। ৪ হাজার কোটি টাকা কোনো টাকাই না এ কথা একজন অর্থমন্ত্রী কিভাবে বলেন। আমরা দলে থাকলে আমি তাকে বহিষ্কার করতাম। বাজেট নিয়ে এই মন্ত্রী অবাস্তব স্বপ্ন দেখছেন। শেষ জীবনে এসে তিনি এভাবে অসুস্থ হবেন, ভাবতে পারিনি। আমরা তার সুস্থতা কামনা করি। অনুষ্ঠানের প্রধান বক্তা নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে মানুষ খুন-গুম হচ্ছে। এ অবস্থায় আমাদের বসে থাকলে চলবে না। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমাদের আরো এগিয়ে যেতে হবে।