কালীগঞ্জে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ জাটকা
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুন ২০১৪, ২২:১১
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার স্থানীয় হাট-বাজারগুলোতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ জাটকা মাছ। কিন্তু স্থানীয় মত্স্য বিভাগ এর কোন পদক্ষেপ না নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে মত্স্য সপ্তাহ পালনের মধ্য দিয়ে তাদের দায়িত্ব শেষ করে।
সরেজমিনে কালীগঞ্জের কয়েকটি বাজারে গিয়ে দেখা যায়, দিনের পর দিন স্থানীয় মত্স্য ব্যবসায়ীরা এই নিষিদ্ধ জাটকা মাছ বিক্রি করে যাচ্ছে। কিন্তু জাটকা নিধন আইন সম্পর্কে তারা না জেনে দেশের চরম ক্ষতি করে যাচ্ছে। এ ব্যাপারে মত্স্য সম্প্রদায়ের লোকজন বলেন, তারা গরীব মানুষ। এই মাছ বিক্রি না করলে খাবে কি? তাছাড়া মানুষ এগুলো কিনে নেয় বলেই তারা এই জাটকা মাছ বিক্রি করছে বলে জানায়।
মত্স্য ব্যবসায়ী সূত্রে জানা যায়, স্থানীয় মত্স্য সম্প্রদায়ের লোকজন উপজেলা মত্স্য বিভাগের পক্ষ থেকে কোন ধরনের বিধিনিষেধ পায়নি। যে কারণে এখানকার মত্স্য ব্যবসায়ীরা এ জাটকা মাছ নিধন আইন সম্পর্কে অবগত নয়। প্রতি মাসে উপজেলা সহকারী মত্স্য অফিসার তপন কুমার দাসকে ম্যানেজ করে তারা ব্যবসা করছে বলেও সূত্র জানায়।
এ ব্যাপারে উপজেলা মত্স্য অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইন সহকারী মত্স্য অফিসারের ম্যানেজের বিষয়টি অস্বীকার করলেও জাটকা মাছ বিক্রির বিষয়টি স্বীকার করেছেন।