আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ

সীমান্তের ওপারে ভারতের আগরতলায় বিএসএফ-গ্রামবাসী সংঘর্ষে এক জওয়ান এবং স্থানীয় একজন নিহতের ঘটনাকে কেন্দ্র করেই গতকাল রবিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগরতলার ঘটনাকে কেন্দ্র করে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। এদিকে এ ঘটনার পর থেকেই সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। জানা যায়, ভারতের আগরতলার রামনগর এলাকায় সীমান্তের কাছাকাছি আসাকে কেন্দ্র করে শুক্রবার রাতে স্থানীয় জনগণ এবং সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের মাঝে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে গুলি চালালে ইসমাইল মিয়া নামে এক বৃদ্ধ নিহত এবং ১১ গ্রামবাসী আহত হয়। প্রতিবাদে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে পাল্টা আক্রমণ করে গুলি চালানো বিএসএফ সদস্য সন্দীপ কুমারকে পিটিয়ে হত্যা করে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাজিব ভুঁইয়া জানান, সে দেশের ব্যবসায়ীদের অনাগ্রহের কারণে শনিবারও রপ্তানিতে স্থবিরতা ছিল। গতকাল রবিবার সকাল থেকে তারা অনির্দিষ্টকালের জন্য আমদানি বন্ধ করে দেয়।