ইলিশ মৌসুমের শুরুতেই শতাধিক জেলে অপহূত

ইলিশ মৌসুমের শুরুতে সাগরে চলছে সশস্ত্র দস্যুদের বেপরোয়া তাণ্ডব। গত ১৫ দিনে অন্তত শতাধিক জেলে অপহরণের ঘটনা ঘটে। এসব জেলেদের মধ্যে অনেকে মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে, আবার কোস্টগার্ডের অভিযানের মুখে অনেক জেলেকে দস্যুরা ছেড়েও দিয়েছে। তবে কোন কোন জেলে এখনও দস্যুদের হাতে জিম্মি রয়েছে। গতকাল শুক্রবার সাগর থেকে মংলার মত্স্য আড়তে ফিরে আসা বেশ কয়েকজন জেলে এসব তথ্য জানিয়েছেন। জলদস্যুদের বেপরোয়া তাণ্ডবে জেলেরা উপকূলসহ গভীর সমুদ্রে ইলিশসহ বনের গহীনে অন্যান্য মাছ আহরণ করতে পারছেন না। দস্যু বাহিনীগুলোকে যে সব ট্রলার ও নৌকা চাঁদা দিচ্ছে না, সে সব ট্রলার ও নৌকা ইলিশসহ অন্যান্য মাছ আহরণ করতে নানা বিড়ম্বনায় পড়েছে। এসব ট্রলার ও নৌকা দস্যুরা অপহরণ করে জেলেদের মুক্তিপণের দাবিতে সুন্দরবনের গহীন অরণ্যে আটকে রাখছে। অভিযোগ উঠেছে, উপকূলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক তদারকির অভাবে হাজার হাজার জেলে বছরের পর বছর দস্যু বাহিনীগুলোর হাতে জিম্মি হয়ে রয়েছে। গত এক বছরে র?্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ৪১ জন দস্যু নিহত হয়। এ ছাড়া কোস্টগার্ডসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হাতে অস্ত্র ও গোলাবারুদসহ আটক হয়েছে অসংখ্য দস্যু। গত সপ্তাহে মংলা পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ৫০ জেলেকে অপহরণ করেছে সুন্দরবনের বনদস্যু আওয়াল বাহিনী ওরফে ছোট বাহিনী। দু’দিন পর এসব জেলেরা মুক্তিপণ দিয়ে লোকালয়ে ফিরে আসে। সর্বশেষ বুধবার সকালে বনের পূর্ব বিভাগের তাম্বুলবুনিয়া এলাকায় বনদস্যু আওয়াল বাহিনী ওরফে ছোট বাহিনী ৬ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ১৩ জেলে ও পশ্চিম বিভাগের জলঘাটা খাল নামক স্থান থেকে ৩ লাখ টাকার দাবিতে ৩ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জোনাব বাহিনী । গতকাল শুক্রবার পর্যন্ত এসব জেলের মুক্তি পাওয়ার কোন খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আলাউদ্দিন জানান, গত মঙ্গলবার বিকেলে সুন্দরবনের কৈখালী এলাকায় বনদস্যুরা মুক্তিপণের দাবিতে জেলেদের জিম্মি করে রেখেছে-এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গহীন বনে পালিয়ে যায়। পরে তাদের আস্তানা থেকে অপহূত ১১ জেলেকে উদ্ধার করা হয়। তিনি আরো জানান, তারা সুন্দরবনে দস্যু দমনে অভিযান অব্যাহত রয়েছে।