দুর্বল ড্রেনেজ ব্যবস্থা :বৃস্টি হলেই ডুবে যায় রাস্তা-ঘাট

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শরত্নগর বাজারে দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতে রাস্তা পানিতে ডুবে থাকে। ফলে মহল্লাবাসীর চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। হেল্থ কেয়ার ও মাছের হাট থেকে উপজেলা পরিষদ সংযোগ রাস্তাটির উপর সম্প্রতি পানি আটকে থাকে। হাট-বাজারে আসা লোকজনেরও পড়তে হয় দুর্বিপাকে। পৌরসভার এই রাস্তাটির পূর্ব পাশ ৮ এবং পশ্চিম পাশ ৭ নম্বর ওয়ার্ডের অধীনে হওয়ায় সংশ্লিষ্ট কাউন্সিলরগণ একে অপরের দিকে তাকিয়ে থাকেন। এখানে একটি ড্রেন থাকলেও অপরিকল্পিতভাবে নির্মাণ করায় প্রতিবছরই সংস্কার করতে প্রচুর টাকা ব্যয় হয় কিন্তু জনগণের উপকারে আসে না। এছাড়া অনেকে সরকারি রাস্তা দখল করে বাড়ি-ঘর নির্মাণ করায় ড্রেন থাকে তাদের দখলে। পৌরসভা অবৈধ দখল উচ্ছেদের কোন ব্যবস্থা না নেয়ায় রাস্তাগুলো ক্রমেই সংকীর্ণ হয়ে পড়েছে। পৌরসভার সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম জানান, এসব সমস্যা সমাধানে আপাতত তাদের কিছু করার নেই।