মেহেরপুরে উত্পন্ন হাইব্রিড লাউয়ের বীজ রপ্তানি হচ্ছে

মেহেরপুর সদর উপজেলার যাদবপুর, রাজাপুর, বন্দর ও উত্তর শালিকাসহ বিভিন্ন গ্রামের মাঠে হাইব্রিড লাউয়ের বীজ উত্পন্ন হচ্ছে। দেশের চাহিদা মিটিয়ে এ বীজ রপ্তানি করা হচ্ছে বিদেশে। এতে লাভ পেয়ে চাষিরা খুশি। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের যাদবপুর গ্রামের কৃষক সামছুদ্দিন ওরফে লাভলু জানান, এবছর তিনি গ্রামের পাশে ঢেলাপীরের মাঠে দেড় বিঘা জমিতে হাইব্রিড লাউ চাষ করেছিলেন। ইতিমধ্যে একবিঘা জমি থেকে লাউয়ের বীজ সংগ্রহ করে বিক্রি করেছেন। বাকি ১০ কাঠা জমিতে লাউ আছে। তিনি জানান, লাউ বীজ উত্পন্ন করতে চাষিকে ৬ মাস সময় ব্যয় করতে হয়। সে ২৫ হাজার টাকা খরচ করে উত্পাদিত বীজ বিক্রি করেছেন ৮৫ হাজার টাকায়। হাইব্রিড লাউ বীজের পাশাপাশি লাউ শাক পেতে এসব মাঠে আরো এক প্রকার লাউ বীজ তৈরি হচ্ছে। হাইব্রিড লাউয়ের বীজ প্রতি কেজি ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি শাক উত্পাদনের জন্য তৈরি লাউ বীজ বিক্রি হয় ১২০ টাকা কেজি।