মির্জাপুরে সাউথ ইস্ট টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড

গতকাল রবিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের সাউথ ইস্ট টেক্সটাইল মিলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কারখানার তুলার বস্তা ও যন্ত্রপাতিসহ আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। আগুনের খবর কারখানার শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে আতংকের সৃষ্টি হয়। এসময় তাড়াহুড়া করে নামতে গিয়ে অর্ধশত শ্রমিক আহত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা বলে মালিক পক্ষ জানিয়েছেন। সাউথ ইস্ট টেক্সটাইল মিলের সিনিয়র ম্যানেজার নাজমুস শাফি জানান, সকাল সাড়ে আটটার দিকে কারখানার স্টেন টার্ট ফেব্রিক্সের একটি বড় কক্ষে প্রথমে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে ধোঁয়ার সৃষ্টি হয়ে তা চারপাশে ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিক- কর্মচারী ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণের জন্য দ্রুত চেষ্টা করেন। এদিকে আগুনের খবর কারখানার বিভিন্ন ইউনিটের শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে আতংকের সৃষ্টি হয়। কয়েক হাজার শ্রমিক তাড়াহুড়া করে নামতে গিয়ে অর্ধশত শ্রমিক আহত হয়েছে বলে শ্রমিকরা জানিয়েছে।