‘নেইমারের উন্নতির কারণ বার্সেলোনা’
প্রকাশ : ০৮ জুন ২০১৪, ২২:৩৪
তিনবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল আইকন পেলে বলেছেন, তিনি মনে করছেন বার্সেলোনায় যোগদানের পর নেইমারের যথেষ্ট উন্নতি হয়েছে। তিনি মেইমারকে একজন ‘জিনিয়াস’ হিসেবে আখ্যায়িত করেন।
২২ বছর বয়সী নেইমার গত গ্রীষ্মে ব্রাজিলের স্যান্তোস থেকে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দেয়ার পর লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে নিজে ১৩ গোল করা ছাড়াও সাহায্য করেছেন ১১টিতে। ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ বিশ্বকাপ জয়ী পেলে মনে করেন, গত এক মৌসুমে অবশ্যই উদীয়মান এ ফরোয়ার্ড যথেষ্ট উন্নতি করেছে এবং এই গ্রীষ্মে দলকে টেনে সে টেনে তুলতে পারবে।
টাইমস অব ইন্ডিয়াকে পেলে বলেন, ‘১৯৫৮ সালে আমার বয়স ছিল মাত্র ১৭ বছর এবং আমি ক্লাব ফুটবল খেলেছি কেবলমাত্র আমার নিজ দেশেই। নেইমারের বয়স ২২ বছর এবং স্পেনে তার এক বছর খেলার অভিজ্ঞতা রয়েছে।’ ‘সময়ের সঙ্গে এখন অনেক কিছুরই পরিবর্তন হয়েছে— যা একজন খেলোয়াড়কে ভিন্নধর্মী ফুটবলের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য সহায়ক হয়েছে। বার্সেলোনায় এক বছর কাটানোর পর নেইমার আরো ভাল একজন ফুটবলার হবে বলে আমি মনে করছি। তার মতে, অবিশ্বাস্য মেধা রয়েছে এবং নিজ কাঁধে দলের দায়িত্ব নিতে সে সক্ষম, যেমনি ভাবে কনফেডারেশন কাপে নিয়েছিল ‘ছেলেটি জিনিয়াস’ বলেন পেলে। ৭৩ বছর বয়সী পেলে আসন্ন বিশ্বকাপে স্কলারির ২৩ সদস্যের ব্রাজিল দল নিয়েও কথা বলেন।
তিনি বলেন, ‘দলটিতে তরুণ ও অভিজ্ঞদের চমত্কার সংমিশ্রণ রয়েছে। গোলরক্ষক এবং রক্ষণভাগ অভিজ্ঞদের নিয়ে এবং ফরোয়ার্ড ও মিডফিল্ডাররা তরুণ।
‘রক্ষণ ভাগে আপনার যখন বেশি অভিজ্ঞ খেলোয়াড় দরকার তখন এটা কাজে আসে। পাশাপাশি আক্রমণ ভাগে তরুণ খেলোয়াড় থাকায় আপনার ম্যাচে পার্থক্য এনে দেয়।’
পেলে মনে করছেন আর্জেন্টিনা, ইতালি, স্পেন, পর্তুগাল এবং উরুগুয়ে এ বছর শিরোপার দাবিদার।
তিনি আরো বলেন, ‘জার্মানিও এ বছর ভালো করতে পারে।’ ‘চতুর্থবার বিশ্বকাপ শিরোপার জন্য তারা অনেক বছর অপেক্ষা করেছে। তাদের শক্তিশালী একটা দল রয়েছে এবং টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে সঠিক সময়ে তাদের ফুটবলাররা ইনজুরি থেকে ফিরেছেন।
‘রক্ষণাত্মক ভাল খেললে আর্জেন্টিনা শিরোপা জিততে পারে। তাদের তুরুপের তিন তাস মেসি, এগুয়েরো এবং হিগুয়াইনকে অনেক গোল করতে হবে। ‘দক্ষিণ আমেরিকায় উরুগুয়ে সব সময়ই একটা হুমকি এবং ২০১১ কোপা আমেরিকায় তারা সেটা প্রমাণ করেছে।
‘ইতালি সব সময়ই বিশ্বকাপে ভাল খেলে। স্পেন তাদের শিরোপা অক্ষুণ্ন রাখতে পারে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার জীবনের সেরা ফর্মে রয়েছে। তাকে দেখে আমি সত্যিই খুব খুশি।’ বিশ্বকাপের আগ মুহূর্তে নিজ দেশে ব্যাপক আন্দোলন এবং রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা বিরাজ করছে এবং পেলে মনে করছেন ফুটবল ও রাজনীতিকে এক সঙ্গে মেশানো উচিত নয়।
তিনি বলেন, ‘আমি নিশ্চিত একবার টুর্নামেন্ট শুরু হলে এবং ব্রাজিল দল তাদের ভাল খেলা অব্যাহত রাখলে দেশের জনগণ সর্বান্তকরণে তাদের সমর্থন যোগাবে।’ বাসস/ গোল ডট কম