ব্রাজিলে পৌঁছালো ইংল্যান্ড

হন্ডুরাসের সাথে গোলশূন্য ড্রয়ে ক্ষুব্ধ সমর্থকরা

শিরোপা প্রত্যাশী ইংল্যান্ড হন্ডুরাসের সাথে গোলশূন্য ড্রয়ের পর গতকাল ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে পৌঁছেছে। সেখানে দলটি ইপানেমা সৈকতের কাছে পূর্ব নির্ধারিত একটি হোটেল রয়্যাল টিউলিপে উঠেছে। কোচ রয় হজসন খেলোয়াড়দের নিয়ে হোটেলে ওঠার আগে সাংবাদিকদের সাথেও কিছুক্ষণ কথা বলেন। বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম খেলাই ইটালির সাথে। ১৪ জুন মানাউসে অনুষ্ঠিত হবে খেলাটি। সে খেলাটির জন্য হজসনের দল আজ সোমবার থেকে অনুশীলন শুরু করবে। এরপর উরুগুয়ে ও কোস্টারিকার মোকাবেলা করবে ১৯৬৬ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু ব্রাজিলে পা রাখলো গতকাল শনিবার দশজনের হন্ডুরাসের বিপক্ষে ড্র করে। খেলায় ইংলিশরা নিজেদের সামর্থ্যের জানান দিতে পারেনি। মায়ামির সান লাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ পূর্ব শেষ অনুশীলন ম্যাচে হন্ডুরাসের বিরুদ্ধে খেলাটি বজ্রপাতের কারণে ৪০ মিনিট দেরিতে শুরু হয়েছিল। খেলায় ইংল্যান্ডের সুস্পষ্ট আধিপত্য চোখে পড়লেও সুযোগগুলো নষ্ট করায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি স্টিভেন জেরার্ডের দল। এমনকি দ্বিতীয় হলুদ কার্ডের কারণে ৬৬ মিনিটে ব্রায়ান বেকলেস মাঠের বাইরে চলে গেলে ১০ জনের হন্ডুরাসকেও কাবু করতে পারেনি ইংলিশরা। বরং হন্ডুরাসই লড়াকু মনোভাব দেখিয়ে দর্শকদের মন জয় করে মাঠ ছাড়ে। আগের দুটি অনুশীলন ম্যাচে ইসরায়েলের কাছে ৪-২ ও তুরস্কের কাছে ২-০ গোলে পরাজিত হওয়া হন্ডুরাস বিশ্বকাপের আগে এই ম্যাচ থেকে অনুপ্রাণিত হতে পারে। কোচ হজসনের দলের খেলায় সন্তুষ্ট হতে পারেনি সমর্থকরা। এ রকমই এক দর্শক দ্বিতীয়ার্ধের পর ইনজুরি সময়ে বিয়ারের ক্যান ছুঁড়ে মারেন লিভারপুল স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজের গায়ে। তবে কোচ হজসন তার কোন খেলোয়াড় প্রাক বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচগুলোতে ইনজুরিতে না পড়ায় সন্তুষ্ট।