আগামী বাজেটে সব ধরনের গার্মেন্টস রপ্তানির ক্ষেত্রে নতুন করে ৫ শতাংশ নগদ সহায়তা (প্রণোদনা) চেয়েছে গার্মেন্টস ও বস্ত্র খাতের উদ্যোক্তারা। এ জন্য খরচ হবে ১৪ হাজার কোটি টাকা। বর্তমানে যে প্রণোদনা দেওয়া হয়, তার চেয়ে বাড়তি খরচ হবে ১১ হাজার ৭২৪ কোটি টাকা। গতকাল সোমবার রাজধানীর গুলশানে একটি হোটেলে এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ টেক্সটাইল মিল্স অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। এসব সংগঠনের নেতারা গার্মেন্টস খাতের বিদ্যমান সংকট পরিস্থিতি তুলে ধরে আগামী বাজেটে এ প্রণোদনা দেওয়ার দাবি জানান। তারা বলেন, এটি বাস্তবায়ন করা গেলে এ খাত ফের ঘুরে দাঁড়াবে।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ’র নতুন সভাপতি ড. রুবানা হক ছাড়াও বিটিএমএ’র সভাপতি মোহাম্মদ আলী খোকন, বিকেএমইএ’র সহ-সভাপতি মুনসুর আহমেদ, ইএবি’র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, পোশাক শিল্প একটি ক্রান্তিকালে এসে পৌঁছে গেছে। অন্তত আগামী পাঁচ বছরের জন্য যদি এই প্রণোদনা দেওয়া হয় তাহলে পোশাক শিল্প ঘুরে দাঁড়াতে পারবে। সব মার্কেটের জন্য যদি শতকরা পাঁচ ভাগ প্রণোদনা দেওয়া হয়, তাহলে ১১ হাজার কোটি টাকা ভর্তুকি হয়। এটি বিরাট সংখ্যা নয়। তিনি বলেন, গত এক মাসে ২২টি কারখানা বন্ধ করেছি। কারণ তারা বেতন দিতে পারছে না। গত ছয় বছরে ১২শ কারখানা বন্ধ হয়ে গেছে। অর্থাত্ প্রতিমাসে ১৭টি। এখন প্রতি মাসে ২০ থেকে ২২টি বন্ধ হচ্ছে। আগের চেয়ে কারখানা বন্ধ হওয়ার প্রবণতা বেড়েছে। তিনি বলেন, ঈদের আগে দুই একটি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলেও খুব একটা অবাক হবেন না। অসহায় শিল্প মালিকরা তাদের মেশিন বিক্রি করেও বেতন-ভাতা পরিশোধ করছেন।
প্রণোদনা ছাড়াও রপ্তানি সহায়ক মুদ্রা বিনিময় হার নির্ধারণ, পোশাক শিল্পকে সম্পূর্ণ ভ্যাটমুক্ত রাখা, উেস কর বিদ্যমান ০.২৫ শতাংশ অপরিবর্তিত রাখা, উেস করকে আগের মতো চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য করা এবং কর্পোরেট কর ১২ শতাংশের পরিবর্তে পূর্বের ন্যায় ১০ শতাংশ করা, পোশাক শিল্পের জন্য ৩শ কোটি টাকার জরুরি ফান্ড গঠন, শ্রমিকের জন্য বিশেষ বরাদ্দ, বন্ডের অডিট কার্যক্রমের জন্য দলিলাদি দাখিলের সময়সীমা ৩ মাসের পরিবর্তে ৬ মাস করা ও পোশাক শিল্পের জন্য প্রযুক্তি উন্নয়নে তহবিল বরাদ্দের দাবিও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। এছাড়া ঋণ পুনঃতফসিল করার মেয়াদ দ্বিগুণ করার দাবিও জানানো হয়েছে। এর আগে গতকাল সকালে বিজিএমইএ’র নতুন পর্ষদ ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।