চট্টগ্রাম বিএনপি’র ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

নগরীর কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। মামলার অভিযোগপত্রে ৬৪ জনের নাম থাকলেও অভিযোগ গঠনের সময় পাঁচজনের নাম বাদ দেয়া হয়। গতকাল রবিবার মহানগর হাকিম মাশফিকুর রহমানের আদালতে এ সংক্রান্ত শুনানি শেষে অভিযোগ গঠন করা হয়। শুনানির সময় আসামিরা তাদের আইনজীবীর মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ২৪১ (এ) ধারায় নিজেদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে আদালত তা না-মঞ্জুর করে। আগামী ৮ জুলাই থেকে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার ইত্তেফাককে বলেন, ২০১২ সালের ১০ ডিসেম্বর নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে দলের নেতাকর্মীরা। মিছিলের সময় নূর আহমেদ সড়কে যানবাহন ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়। এতে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ ৬৪ জনকে আসামি করা হয়।