ইত্তেফাক রিপোর্ট
সার্বিক রপ্তানির পাশাপাশি সেবা খাতেও চমক লাগানো রপ্তানি আয় করেছে বাংলাদেশ। চলতি অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) আগের বছরের তুলনায় ৪৪ শতাংশ বেশি রপ্তানি আয় হয়েছে। গতকাল সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য ওঠে এসেছে। আলোচ্য সময়ে (জুলাই ১৮-মার্চ ১৯) দেশের সেবা খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৪৩১ কোটি ৭২ লাখ ৭০ হাজার ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৪৪ দশমিক ০১ শতাংশ বেশি।
ইপিবির তথ্য মতে, একক মাস হিসেবে সেবা খাতে আগের বছরের তুলনায় রপ্তানি আয় বেশি হয়েছে ৩৬ দশমিক ০৩ শতাংশ। মার্চ মাসে আয় হয়েছে ৪৯ কোটি ৩১ লাখ ৭০ হাজার ডলাব। যা আগের বছর একই সময় ছিল ৩৬ কোটি ২৫ লাখ ৪০ হাজার ডলার। আর মার্চ মাসে সেবা খাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছিল ৪১ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ডলার। সে হিসেবে লক্ষ্যমাত্রা থেকে আয় বেশি হয়েছে ১৮ দশমিক ৩৬ শতাংশ।
ইপিবির তথ্যমতে, গুডস প্রকিউরড ইন পোর্টস বাই ক্যারিয়ারস, গুডস সোল্ড আন্ডার মার্চেন্টিং ও সার্ভিসেস। অর্থবছরের নয় মাসে এ তিনটি ভাগ থেকে মোট রপ্তানি আয় হয়েছে ৪৩১ কোটি ৭২ লাখ ৭০ হাজার ডলার। ২০১৭-১৮ অর্থবছরের একই সময়ে আয়ের পরিমাণ ছিল ২৯৯ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার। আর নয় মাসে লক্ষ্যমাত্রার চেয়ে সেবায় রপ্তানি বেড়েছে ১৫ দশমিক ১৩ শতাংশ। জুলাই-মার্চ সময়ের বিভিন্ন ধরনের সেবা রপ্তানি খাতে লক্ষ্যমাত্রা ছিল ৩৭৫ কোটি ডলার। রপ্তানির এ আয়ের মধ্যে সরাসরি সেবা খাত থেকে এসেছে ৪২২ কোটি ৯৯ লাখ ৫০ হাজার ডলার। বাকিটা দেশের বন্দরগুলোতে পণ্যবাহী জাহাজগুলোর কেনা পণ্য ও সেবা এবং মার্চেন্টিংয়ের অধীনে পণ্য বিক্রির আয়।
অন্য উপখাতগুলোর মধ্যে ‘অন্যান্য ব্যবসায় সেবা’ থেকে ৭১ কোটি ২৯ লাখ ৯০ হাজার ডলার, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি থেকে ৪২ কোটি ৬ হাজার ডলার, বিভিন্ন ধরনের পরিবহন সেবা থেকে ৫১ কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার, বীমা ছাড়া আর্থিক সেবা খাত থেকে ৯ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার এবং ভ্রমণ সেবা উপখাত থেকে ২৭ কোটি ৯৫ লাখ ৮০ হাজার ডলার রপ্তানি আয় হয়েছে।
বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া সেবাপণ্যের মধ্যে রয়েছে ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস অন ফিজিকাল ইনপুটস, মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার, ট্রান্সপোর্টেশন, কনস্ট্রাকশন সার্ভিসেস, ইন্সুরেন্স সার্ভিসেস, ফিন্যান্সিয়াল সার্ভিসেস, চার্জেস ফর দ্য ইউজ অব ইন্টেলেকচুয়াল প্রপার্টি, টেলিকমিউনিকেশন সার্ভিসেস, আদার বিজনেস সার্ভিসেস, পার্সোনাল-কালচার-রিক্রিয়েশনাল ও গভর্নমেন্ট গুডস অ্যান্ড সার্ভিসেস।