বগুড়ায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে সত্ মা নিহত

জেলায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে সত্ মা মোমেনা বেগম (২৮) খুন হয়েছেন। এলাকাবাসী হত্যাকাণ্ডে ব্যবহূত ছোরাসহ ঘাতক ছেলে আশরাফুল ইসলামকে (২০) আটক করে পুলিশে দিয়েছে। জেলার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামে গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের স্বামী বাবলু মিয়া এ ঘটনায় তার ছেলে আশরাফুলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষুদ্র ফুলকোট গ্রামে গতকাল সকাল ৮টায় মৃত আসাতুল্লার ছেলে বাবলু মিয়ার তৃতীয় স্ত্রী ২ সন্তানের মা মোমেনা বেগমের সাথে তার সতীনের ছেলে আশরাফুলের (২০) বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আশরাফুল একটি ছোরা দিয়ে অতর্কিতভাবে মোমেনা বেগমের ডান পাঁজরে আঘাত করে। তার চিত্কারে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা আশরাফুলকে ধরে আটকে রাখে। গুরুতর আহত অবস্থায় মোমেনা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক আশরাফুল মাদকাসক্ত ছিলেন বলে জানান শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান।