কারখানার ন্যূনতম করের বিধান প্রত্যাহার দাবি

চলতি বাজেট প্রস্তাবনায় টেক্সটাইল খাতের বিদ্যমান সুবিধা ও প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাবকে ইতিবাচক বলছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। তবে কারখানা প্রতি ন্যূনতম কর ধার্য ও প্রণোদনা অর্থ থেকে আয়কর কেটে নেয়ায় এখাতের শিল্পগুলোকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি কারখানাগুলোর আর্থিক ভিতও দুর্বল করবে বলে মনে করছে সংগঠনটি। প্রস্তাবিত বাজেট বিষয়ে এক প্রতিক্রিয়ায় তেমনই বলেছে তারা। বিটিএমএ বলছে, টেক্সটাইল মিলগুলোর আয়কর যেহেতু বছরান্তে একবার দেয় তাই এ খাতের কারখানা প্রতি শূন্য দশমিক ৩০ শতাংশ ন্যূনতম কর আরোপের যৌক্তিকতা নেই। এ বিধান প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। বিটিএমএ ৫ শতাংশ বিকল্প নগদ সহায়তার অর্থকে ৫ শতাংশ আয় করের আওতা বহির্ভূত করার প্রস্তাব করেছিল। তবে তা বিবেচনা না করে নগদ সহায়তার উপর উেস করের হার তিন শতাংশ করা হয়েছে। বর্তমানে নগদ সহায়তার হার ৫ শতাংশ দিলেও প্রকৃত অর্থে তা তিন দশমিক ৭৫ শতাংশের বেশি হয় না। প্রণোদনার এ নগণ্য অর্থ থেকে যদি আয়কর কাটা হয় তা হলে তা সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নে তেমন কোন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে না। তাই নগদ সহায়তার অর্থকে সম্পূর্ণভাবে করমুক্ত করার দাবি জানিয়েছে বিটিএমএ। অন্যদিকে বাজেট প্রস্তাবনায় তেমন কোন উল্লেখযোগ্য নতুন কর আরোপের প্রস্তাব না থাকার পাশাপাশি দেশজ সম্পদের ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ধারা অব্যাহত, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি, মানবসম্পদ উন্নয়ন, পরিবেশ ও ভৌত অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন সেবা ও কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণের যে উদ্যোগ নেয়া হয়েছে তাকে ইতিবাচক ও প্রশংসনীয় বলেছে প্রাথমিক বস্ত্রশিল্পের মালিকদের এ সংগঠন।