আখাউড়া স্থলবন্দরে বন্ধ আমদানি ও রফতানি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুন ২০১৪, ২৩:০৮
ভারতের ত্রিপুরার আগরতলা স্থলবন্দর এলাকায় গাড়ি পার্কিং করলে ৫ হাজার রুপি জরিমানা— এ রকম সিদ্ধান্ত কার্যকর হওয়ার প্রতিবাদে আগরতলার ব্যবসায়ীরা আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে। এর ফলে দেশের দ্বিতীয় বৃহত্ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। গতকাল রবিবার থেকে এ আদেশ জারি করেছে আগরতলা বন্দর কর্তৃপক্ষ। এর প্রতিবাদে রবিবারে কোন পণ্য রফতানি করেননি ব্যবসায়ীরা। এ নিয়ে গত দুইদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ফলে গত দুই দিনে আখাউড়া স্থলবন্দরে পণ্য নিয়ে প্রায় অর্ধশতাধিক ট্রাক আটকা পড়ে আছে। শুধু দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আগরতলা স্থলবন্দর কর্তৃপক্ষ তাদের বন্দর এলাকায় গাড়ি পার্কিং করলে ভারতীয় ৫ হাজার রুপি জরিমানার আদেশ জারি করেছে। এ আদেশের ফলে ওই দেশের ব্যবসায়ীরা ফুঁসে উঠেছেন। এ নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ীদের দেন-দরবার চলছে। এ আদেশ রবিবার থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। এর প্রতিবাদে আগরতলার ব্যবসায়ীরা আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখেন। শুক্রবার রাতে বিএসএফ ও গ্রামবাসীদের সংঘর্ষের প্রতিবাদে গত শনিবারও আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল।