চট্টগ্রামে কয়েদির মৃত্যু নিয়ে জেল সুপারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম কারাগারের ভেতরে সুরক্ষিত এলাকায় জাকির হোসেন নামে এক কয়েদির মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। কয়েদির পরিবার তাকে হত্যার অভিযোগ এনে রবিবার আদালতে মামলা দায়ের করেছে। এতে ৯ জনকে আসামি করা হয়েছে। মামলায় অভিযুক্তরা হচ্ছেন- চট্টগ্রাম কেন্দ ীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ছগীর মিয়া, জেলার নেছার আহমেদ মুকুল, কারা হাসপাতালের চিকিত্সক ডা. মোস্তাফিজুর রহমান, সুবেদার আনজু মিয়া ও হুমায়ন কবির, প্রধান কারারক্ষী মোহাম্মদ হোসেন ও আব্দুর রশিদ, কারারক্ষী মো. আলমগীর ও জিয়াবুল ইসলাম। আদালত সূত্র জানায়, জাকিরের ছোট ভাই ইয়াকুব কায়সার বাদি হয়ে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মশিউর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মহানগর গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছে। এ ব্যাপারে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার ইত্তেফাককে বলেন, ‘আদালতের নির্দেশের কথা শুনেছি। তবে এখনো আমরা আদালতের কোন নির্দেশনা হাতে পাইনি।’ উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ৮টায় চট্টগ্রাম কারাগারে জাকির হোসেনের মৃত্যু হয়। কারা কর্তৃপক্ষ দাবি করেছেন, কারা হাসপাতালের তৃতীয় তলায় সিঁড়ির রেলিংয়ে গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করে। জাকির হোসেন কর্ণফুলী থানার একটি অপরহণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি।