নির্বাচিত সরকারের উন্নয়ন দেখলে অনেকের গা জ্বলে
প্রকাশ : ০৮ জুন ২০১৪, ২৩:২২
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, তথাকথিত কিছু গবেষণা প্রতিষ্ঠান গণতান্ত্রিক অর্জন মানতে চায় না। নির্বাচিত সরকারের উন্নয়ন দেখলে তাদের খুবই অসুবিধা হয়, তাদের গা জ্বালা করে, সত্য শুনলে তাদের অস্বস্তি লাগে। এই শ্রেণীর লোকেরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। কারণ গণতন্ত্রের সাফল্য দেখতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না। গণতন্ত্র বিরোধী শক্তি ক্ষমতায় থাকলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। গতকাল রবিবার জাতীয় সংসদে ২০১৩-’১৪ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, কিছু জ্ঞানী-গুণী মানুষ কৃষিখাতে ভর্তুকি তুলে দিয়ে এই খাতকে অস্থিতিশীল করতে চায়। তাহলে গণতন্ত্র বিরোধীদের রাজনীতি সফল হয়। এ কারণে কতিপয় গবেষণা প্রতিষ্ঠান সরকারের জিডিপি বা প্রবৃদ্ধিও স্বীকার করতে চায় না।
পাঁচ জানুয়ারির নির্বাচনপূর্ব বিএনপি-জামায়াতের আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, তারা তখন দেশে এক অবর্ণনীয় অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছিল। পেট্রোল বোমা মেরে মানুষ মেরেছিল, বাসে আগুন দিয়ে যাত্রী পুড়িয়ে মেরেছিল। বিদেশের লোকজনকেও বিভ্রান্ত করতে বিএনপি-জামায়াত হাজার-হাজার কোটি টাকা খরচ করে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে শেখ হাসিনা শক্ত হাতে হাল ধরেন। সংবিধান ও গণতন্ত্র সমুন্নত রাখতে অবস্থান নেন তিনি। যার ফলশ্রুতি বর্তমান দশম সংসদ।
সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির (জাপা) পীর ফজলুর রহমান বলেন, বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর সংবাদ সম্মেলনে একজন মন্ত্রী বর্তমান বিরোধী দলকে ‘যে ধরনের বিরোধী দলই হোক না কেন’ বলে কটাক্ষ করেন। সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীরা যখন বর্তমান বিরোধী দলের কার্যক্রম নিয়ে বিএনপি-জামায়াতের সুরে কথা বলেন, তখন আমাদের হূদয়ে রক্তক্ষরণ হয়।