জাতিসংঘের কনসার্টে লালন

জাতিসংঘ সদর দফতরে পারফর্ম করে বিরল সম্মান অর্জন করল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল লালন। বিশ্বের বিভিন্ন দেশ ও জাতিগোষ্ঠীর প্রায় এক হাজার প্রতিনিধি মুগ্ধ হয়ে শুনল লালন ব্যান্ডের ভোকাল সুমির কণ্ঠে বাংলাদেশের আধ্যাত্মিক মরমী সাধক লালন ফকির শাহের গান। গত শুক্রবার নিউইয়র্ক সময় সন্ধ্যা সাতটায় জাতিসংঘ সদর দফতরের জেনারেল এসেম্বলি হলে ৬৮তম সাধারণ অধিবেশনের সভাপতি জন ডব্লিউ অ্যাশের আয়োজনে ‘সিটিং দ্য স্টেজ টু থাউজেন্ড ফিফটিন অ্যান্ড বিয়ন্ড :গ্লোবাল অল-স্টার সামার কনসার্ট’ অনুষ্ঠানে বাংলাদেশের লালন ব্যান্ড ছাড়াও ত্রিনিদাদ, সুদানসহ অন্যান্য দেশের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল লালন জাতিসংঘ সদর দফতরের যে মিলনায়তনটিতে পারফর্ম করেছে সেখানে প্রতিবছর সেপ্টেম্বরে বিশ্বের সব দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সারাবিশ্বের সবচেয়ে বড় সম্মেলন জাতিসংঘ সাধারণ অধিবেশনে মিলিত হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এক বছরের কর্মপন্থা নির্ধারণ ও দিকনির্দেশনামূলক বক্তৃতা করেন। বাংলাদেশের লালন ব্যান্ডের পারফর্ম দিয়ে কনসার্ট শুরু হয়। ব্যান্ডের প্রধান ভোকাল সুমি পরপর তিনটি গান পরিবেশন করেন। গানের মাঝখানে সুমি বাংলাদেশের মাটি-মানুষ ও কৃষ্টি-সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরেন। তিনি বাংলাদেশের সাঁইজি লালন ফকির সম্পর্কেও উপস্থিত দর্শক-শ্রোতাদের ধারণা দেন।