ইইউ’র ভবিষ্যত্ নেতৃত্ব নিয়ে ক্যামেরন ও মার্কেলের বৈঠক

ইউরোপের ভবিষ্যত্ নেতৃত্ব নিয়ে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে আলোচনা করতে সুইডেন সফরে গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ক্যামেরন ইউরোপীয় কমিশনের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জিন-ক্লদ জাঙ্কারের নিয়োগের বিরোধিতা করছেন। অপরদিকে, মার্কেল প্রকাশ্যে লুক্সেমবার্গের সাবেক প্রধানমন্ত্রী জাঙ্কারকে সমর্থন দিয়েছেন। ক্যামেরনের ধারণা জাঙ্কার তার সংস্কারের প্রস্তাবের বিরোধিতা করতে পারেন। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক ঐক্যের বিষয়ে জাঙ্কারের বিশ্বাসকে দৃঢ়ভাবে বিরোধিতা করেছেন তিনি। ক্যামেরন ব্রাসেলসকে ‘অত্যধিক দাম্ভিক, আরও বেশি প্রভুত্বপরায়ণ’ বলে বর্ণনা করেছেন এবং বলেছেন, ইউরোপীয় নির্বাচনগুলোর কারণে ‘আমাদের পরিবর্তন প্রয়োজন’। তিনি আরো বলেন, ‘আমাদের এমন একটি দৃষ্টিভঙ্গি দরকার যা ইউরোপকে কোন ব্যাপারে মনোযোগ দেয়া উচিত তার স্বীকৃতি দিবে’। ক্যামেরন ও মার্কেলের বৈঠকে সুইডিশ প্রধানমন্ত্রী ফ্রেডরিক রিইনফেল্ডট এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট্টেও উপস্থিত থাকবেন। ব্রাসেলস থেকে বিবিসির সাংবাদিক জানিয়েছেন, জাঙ্কারের প্রতি মার্কেলের সমর্থন প্রত্যাহারের ক্যামেরনের আহ্বানে সম্ভবত এরা দু’জনও যোগ দিবেন।