রাশিয়াকে কোন ছাড় দেয়া হবে না :পোরোসেনকো

ক্রিমিয়ার পুনর্দখল ও ইউরোপের সঙ্গে সুসম্পর্কের ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকো। শনিবার শপথ নেয়ার পর প্রথম বক্তব্যে রাশিয়ার সঙ্গে বিরোধের প্রধান দুটি ইস্যু নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন কিয়েভের নবনির্বাচিত এই নেতা। রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের তত্পরতায় একের পর এক পূর্ব ইউক্রেনের কয়েকটি অঞ্চল হাতছাড়া হতে থাকার মধ্যেই দায়িত্বভার গ্রহণ করেন ৪৮ বছর বয়সী এই তরুণ ব্যবসায়ী। ক্রিমিয়া, লুহানস্ক, স্লোভিয়ানস্ক ও ডোনেস্কসহ পূর্ব ইউক্রেনের কয়েকটি এলাকায় রাশিয়ার আধিপত্য নিয়ে ইতোমধ্যেই সামরিক তত্পরতায় জড়িয়ে পড়েছে কিয়েভ। তবে এতো কিছুর মাঝেও শপথ নেয়ার একদিন আগে শুক্রবার ফ্রান্সে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন পোরোসেনকো। ইউক্রেনের রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিচের ক্ষমতাচ্যুতির পর গত মার্চে দেশটির ক্রিমিয়া উপদ্বীপের দখল নেয় রাশিয়া। এর পর থেকে ইউক্রেন নিয়ে মস্কোর সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরোধ বাড়তে থাকে। পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র তত্পরতার মধ্যেই ডোনেস্ক ও লুহানস্কসহ কয়েকটি এলাকায় স্বাধীনতার পক্ষে গণভোট সম্পন্ন করে রুশপন্থিরা। কিয়েভের বিরোধিতার মুখে অনুষ্ঠিত ওই গণভোটে সমর্থন দেয়ার পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনেও সমর্থন ছিল পুতিন প্রশাসনের। গত ২৫ মে অনুষ্ঠিত ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনেই জয়লাভ করেন পোরোসেনকো। শনিবার শপথ নেয়ার পরই তিনি পূর্বাঞ্চলে রাশিয়ার তত্পরতার বিরুদ্ধে অবস্থান নেন। পোরোসেনকো বলেন, “রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্কে স্থিতিশীলতা ফিরে না আসা পর্যন্ত ইউক্রেনের জনগণ শান্তিতে বসবাস করতে পারবে না। রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার সঙ্গেও সম্পর্ক পুনঃস্থাপন করতে হবে; যা ইউক্রেনের মাটি হিসেবে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।” ফ্রান্সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণ সভায় এ নিয়ে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার বার্তা পৌঁছে দিয়েছেন বলেও জানান প্রেসিডেন্ট পোরোসেনকো। এদিকে ইউক্রেনের দখলকৃত অঞ্চল নিয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো ছাড় দেয়ার ইঙ্গিত এখনো দেখা যায়নি। তবে ইতিবাচক দিক হলো, ইউক্রেইন থেকে কেউ যাতে রাশিয়ার অভ্যন্তরে ঢুকতে না পারে সেজন্য সীমান্তরক্ষী বাহিনীকে কঠোর নজরদারিতে থাকতে নির্দেশ দিয়েছেন পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই খবর দিয়েছে।