তুরস্কে কুর্দি জনগণের বিক্ষোভে পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর লাইস এ দুই কুর্দি নাগরিককে গুলি করে হত্যার অভিযোগে বিক্ষোভ শুরু করেছে সেখানকার মানুষ। বিক্ষোভকারীরা পুলিশের ওপর পাথর ছুঁড়ে এবং রাস্তায় অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানিয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস এবং জলকামান নিক্ষেপ করেছে। তুরস্কের দিয়ারবাকির প্রদেশের লাইস শহরে কুর্দি অধ্যুষিত এলাকায় সেনা চৌকি তৈরির পর ফুঁসে ওঠে সেখানকার মানুষ। প্রায় দুই সপ্তাহ ধরে কয়েকটি রাস্তা দখল করে রেখেছে কুর্দিরা। এসময় তারা ‘যুদ্ধ, যুদ্ধ যুদ্ধ চাই, শান্তির কোন দরকার নাই’— স্লোগানে মিছিল করে শোকার্ত কুর্দি জনগণ। কুর্দি জনগণের সাথে রাজনীতিকরাও যোগ দেয়। রবিবার সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, শনিবার কুর্দিরা হাতবোমা, পেট্রোলবোমা এবং ইটপাটকেল নিয়ে নিরাপত্তাবাহিনীর ওপর হামলা চালায়। এসময় এক সেনা আহত হয়েছে।