ছাপচিত্র ও কবিতা বিষয়ক কর্মশালা
প্রকাশ : ০৯ জুন ২০১৪, ২১:৫৩
তিনটি পর্বে শুরু হয়েছে ছাপচিত্র ও কবিতা বিষয়ক কর্মশালা। সোমবার বেঙ্গল ফাউন্ডেশন ও ঢাকাস্থ আমেরিকান সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
কর্মশালা উদ্বোধন করেন আমেরিকান সেন্টারের কালচারাল অ্যাফেয়ার্স অফিসার ক্যালভিন হেইজ ও বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। তিন পর্বের কর্মশালার দুটি ঢাকায় এবং একটি রাজশাহীতে অনুষ্ঠিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে লুভা নাহিদ চৌধুরী বাংলাদেশের শিল্প-সংস্কৃতি রক্ষায় বেঙ্গল ফাউন্ডেশনের ২৫ বছরের কর্মযজ্ঞের সংক্ষিপ্ত পরিচিতি দেন এবং আমেরিকান সেন্টারের সঙ্গে বেঙ্গল ফাউন্ডেশনের দীর্ঘদিনের সৌহার্দ্যের কথা ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্র থেকে আগত ছাপচিত্রী অ্যান্ডরু স্যাফেটল ও কবি হুইটনি বেকার কর্মশালা পরিচালনা করেন। এসময় পর পর দুই বার বক্তব্যে হুইটনি বেকার বাংলাদেশে এসে দ্বিতীয়বার কাজ করার সুযোগ পেয়ে তারা অভিভূত, মর্মে অনুভূতি ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের অন্যতম কবি কায়সার হক রচিত ইংরেজি কবিতা পাঠ করে শোনান।
সফিউদ্দীন বেঙ্গল প্রিন্টমেকিং স্টুডিওর পরিচালক অধ্যাপক মাহমুদুল হক কর্মশালার সাফল্য কামনা করে অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং আমেরিকান সেন্টারের কালচারাল অ্যাফেয়ার্স অফিসার ক্যালভিন হেইজ সবাইকে ধন্যবাদ জানিয়ে, কর্মশালা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
কর্মশালায় বক্তারা বলেছেন, এই নতুন কর্মশালা আয়োজনের মাধ্যমে বেঙ্গল ফাউন্ডেশন ও আমেরিকান সেন্টার বাংলাদেশে শিল্প-সংস্কৃতি পরিচর্যায় তাদের যৌথ প্রয়াস অব্যাহত রাখবে।
‘দ্য আরবান এক্সপেরিয়েন্স’ শীর্ষক দ্বিমাত্রিক এই কর্মশালায় বক্তরা আরো বলেন, এ কর্মশালার মাধ্যমে ছাপচিত্রশিল্পী ও কাব্যশিল্পীরা নাগরিক জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে আলোচনা ও তার শৈল্পিক বিশ্লেষণ করা হবে।
নবীন ও কবিদের নিয়ে আয়োজিত এই কর্মশালায় আরো জানানো হয়, নগরজীবনের নানা ঘাত-প্রতিঘাত, নানা অনুষঙ্গ নিয়ে আলোচনা করা হবে। বদ্ধ নগরজীবনে একজন কবি বা চিত্রকর কীভাবে নিজেকে প্রকাশ করবেন? শিল্পীরা কীভাবে দ্রুত নগরায়নের উদ্ভূত পরিস্থিতির ব্যাখ্যা করবেন? অত্যন্ত জনসমাকীর্ণ নগরকেন্দ্রসমূহ ভয়ংকর প্রতিদ্বন্দ্বিতা ও সুযোগ-সুবিধার ময়দান হয়ে উঠছে-এমন পরিস্থিতিতে শিল্পীর ভূমিকা কী ? এসব প্রশ্নের বিশ্লেষণ ও ব্যাখ্যা অনুসন্ধান করতে কর্মশালায় অংশগ্রহণকারীদের উত্সাহিত করা হবে ।
ছাপচিত্র কর্মশালা পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রের ছাপচিত্রশিল্পী ও শিক্ষক অ্যান্ডরু স্যাফেটল। ১৫ জন তরুণ কবিকে নিয়ে কবিতা কর্মশালা পরিচালনা করবেন হুইটনি বেকার।