প্রতিবন্ধী উন্নয়নে ১৬ সুপারিশ
প্রকাশ : ০৯ জুন ২০১৪, ২১:৫৩
প্রতিবন্ধীদের উন্নয়নে চূড়ান্ত বাজেটে গ্রহণের জন্য ১৬টি সুপারিশ দিয়েছে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংগঠন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন। বাজেট বিষয়ে তৃণমূল প্রতিবন্ধী সংগঠনের প্রতিক্রিয়া এবং তাদের দাবি পুনর্বিবেচনায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে সোমবার সংগঠনের পক্ষ থেকে এসব সুপারিশ দেয়া হয়। সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা এসব সুপারিশ তুলে ধরেন।
শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট খাতে ২০ কোটি টাকা বরাদ্দ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতার কার্যক্রমে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া, বাজেটে উন্নয়ন ও অনুন্নয়ন খাতে থোক বরাদ্দের ৫ শতাংশ প্রতিবন্ধীদের জন্য রাখা সুপারিশ করা হয়।
এছাড়া কর্পোরেট সামাজিক দায়বদ্ধতাকে (সিএসআর) উত্সাহিত করতে প্রতিবন্ধীদের উন্নয়নে দেয়া অনুদানকে করমুক্ত করা, প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি উদ্যোক্তাদের উত্সাহিত করতে কর রেয়াতের সুবিধা, বাজেটে নারী উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা থোক বরাদ্দে ১০ শতাংশ প্রতিবন্ধী নারী উদ্যোক্তা উন্নয়নে বরাদ্দ রাখা, শিশুদের উন্নয়ন প্রকল্পের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের প্রতিবন্ধী শিশুদের অগ্রাধিকার দেয়া, শ্রবণ প্রতিবন্ধী বাংলা ইশারা ভাষা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনেরও সুপারিশ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার ভাইস-চেয়ারপারসন মহুয়া পাল, ইপসার নির্বাহী প্রধান ও সুপ্র’র (সুশাসনের প্রচারাভিযান) মহাসচিব আরিফুর রহমান, সীতাকুণ্ড ফেডারেশনের প্রতিনিধি ভাস্কন ভট্টাচার্য , বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম, এনসিডিডাব্লিউ-এর সভাপতি নাসিমা আক্তার ও বাংলাদেশ ডিআরএফ গ্রান্টি কো-অর্ডিনেশন কমিটির সদস্যবৃন্দ।