সংলাপ চাই ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করুন :সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বিএনপি নেত্রীর উদ্দেশ্যে বলেছেন, সংবিধান মেনে এবং স্বাধীনতার মূল্যবোধের প্রতি আস্থা রেখে আলোচনায় আসুন। একই সঙ্গে কখন কোথায় কোন বিষয় নিয়ে আলোচনা করবেন সেটিও আগে নির্ধারণ করুন। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্র ও আলোচনায় বিশ্বাসী। আওয়ামী লীগ কখনো আলোচনার পথ বন্ধ করেনি, করবে না। সোমবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে খালেদা জিয়ার সংলাপের ইচ্ছা প্রকাশকে স্বাগত জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আপনি সংলাপে বসতে রাজি, ভালো কথা। কিন্তু এজন্য আপনাকে সংঘাত ও ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করতে হবে। কারণ অতীতে আপনি সংলাপকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে সংঘাতের রাজনীতি করেছেন। সুরঞ্জিত বলেন, প্রধানমন্ত্রী যখন তাকে আমন্ত্রণ জনিয়েছিলেন তখন তিনি গোঁ ধরে না থাকলে দেশে এই কৃত্রিম সংকট সৃষ্টি হতো না। তিনি বলেন, সাংবিধানিক প্রক্রিয়া মেনে নিলে, সংলাপের পথে এখনো কোনো বাধা নেই। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম এমপির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া প্রমুখ।