গুম খুন অপহরণ বন্ধের দাবি সিপিবি-বাসদের

দেশব্যাপী বিক্ষোভ ১৭ জুন গুম-খুন-অপহরণ-বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তথা জনজীবনে নিরাপত্তাহীনতা-আতঙ্ক, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, যুদ্ধাপরাধীদের বিচার, জামায়াত-শিবির নিষিদ্ধের গণদাবিকে অগ্রাহ্য করা, খাদ্যদ্রব্যে ভেজাল, লুটপাট, ব্যাংক ডাকাতি ও ধনিক তোষণের বাজেট প্রণয়নসহ জাতীয় ও জনজীবনের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এই সকল অরাজগতা বন্ধের দাবিতে আগামী ১৭ জুন দেশব্যাপী বিক্ষোভ এবং ২১ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে দল দুইটি। সোমবার মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত সংবাদিক সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। এ সময় আরো উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, শামছুজ্জামান সেলিম, সাজ্জাদ জহির চন্দন, আহসান হাবিব লাবলু, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, সিপিবি’র কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ।