ঢাকায় ডেনিম এক্সপো নভেম্বরে
প্রকাশ : ০৯ জুন ২০১৪, ২১:৫৪
চলতি বছরের ১১-১২ নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডেনিম এক্সপো। ডেনিমের (সাধারণত জিন্স হিসেবে পরিচিত) জন্য বাংলাদেশকে ওয়ান স্টপ সোর্সিং প্লাটফর্ম তৈরি করতেই এ উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এ সময় এক্সপোর প্রধান উদ্যোক্তা ও ডেনিম এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ উদ্দিন, পারটেক্স ডেনিমের পরিচালক এম এস হাসান, নাসা গ্রুপের পরিচালক সোহেল রানা, র্যামোটেক্সের পরিচালক রোটারিয়ান এম কামালউদ্দিন উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, চলতি বছরের নভেম্বরে রাজধানীর রেডিসন হোটেলে আয়োজিত প্রদর্শনীতে দেশি-বিদেশি মিলে মোট ২৯টি প্রতিষ্ঠানের স্টল থাকবে। যেখানে ইটালি, ভারত, পাকিস্তান, তুরস্ক, শ্রীলঙ্কাসহ বেশকিছু দেশের অংশগ্রহণ থাকবে। প্রদর্শনীর পাশাপাশি ডেনিম পণ্যের ট্রেন্ডস ও ওয়াশিং বিষয়ে আলাদা সেমিনারও থাকবে।
প্রসঙ্গত, ডেনিম পণ্য রফতানিতে বাংলাদেশ ইউরোপে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রে তৃতীয় বৃহত্তম দেশ। বিশ্বের ১২০টি দেশে ২০ কোটিরও বেশি ডেনিম পণ্য রফতানি হয়ে থাকে। বাংলাদেশে ২৫টি ডেনিম উত্পাদনকারী প্রতিষ্ঠান প্রতিমাসে ২০০ মিলিয়ন গজ ফেব্রিক উত্পাদন করতে পারে। দেশের পোশাক কারখানাগুলোতে মোট ডেনিম ফেব্রিকের ৪০ ভাগ যোগান দেশীয় এবং ৬০ ভাগ বিদেশ থেকে আমদানি হয়।