আগাম নির্বাচন নিয়ে আলোচনার প্রশ্নই আসে না -হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আগাম নির্বাচন কিংবা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কারো সাথে আলোচনার কোন প্রশ্নই আসে না। গত ৫ জানুয়ারির নির্বাচনের মতোই সংবিধান অনুযায়ী যথাসময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। ২০১৯ সালের আগে দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা নেই। সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দেশরত্ন সেবক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বিএনপি নেত্রীর উদ্দেশে বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আপনাকে শুধু আলোচনা নয়, গণভবনে নৈশ ভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন আপনি সেই আমন্ত্রণকে উপহাস, তুচ্ছ, তাচ্ছিল্য করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। নির্বাচন বানচাল করতে জামায়াতের জঙ্গিদের নিয়ে দেশজুড়ে যে নৈরাজ্য ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এখন আলোচনা চান কেন? আয়োজক সংগঠনের সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।