অতিমাত্রায় চা পানে হাড়ে সমস্যা

অধিক পরিমাণ চা পান করলে হাড়ের সমস্যা স্কেলেটাল ফ্লুরোসিস বা হাড়ে ফ্লোরাইড জমা হয়ে হাড়ের ঘনত্ব বেড়ে গিয়ে হাড়ের ব্যথা বা ব্যাকপেইন হতে পারে। বিশেষ করে এ সমস্যাটি পুরুষের চেয়ে মহিলাদের বেশি হয়। কারণ অনেক মহিলা ওজন কমানোর জন্য দিনে ২-৩ লিটার পর্যন্ত এক ধরনের চা পান করেন। এ ব্যাপারে হেনরি ফোর্ড হাসপাতালের গবেষক ড. সুধাকর ডি রাও মনে করেন- চা ও খাবার পানিতে ফ্লোরাইড নামের এক ধরনের খনিজ লবণ থাকে, যা অতিমাত্রায় পান করলে শরীরে ফ্লোরাইডের পরিমাণ বেড়ে গিয়ে স্কেলেটাল ফ্লুরোসিস নামের হাড়ের রোগ হতে পারে। এধরনের সমস্যায় ব্যাক পেইন এবং হাত ও হিপে ব্যথা হতে পারে। গবেষণায় দেখা গেছে- ভারত, চীন, বাংলাদেশের মতো এশিয়ার দেশে চা ও পানিতে অতিমাত্রায় ফ্লোরাইড থাকে। ড. রাও মনে করেন, সাধারণভাবে ফ্লোরাইড কিডনির মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। তবে অতিমাত্রায় চা পান এবং পানি পান করলে শরীরে জমাকৃত ফ্লোরাইড কিডনির মাধ্যমে বের হতে পারে না এবং অতিরিক্ত ফ্লোরাইড হাড়ে জমা হয়। এধরনের স্কেলেটাল ফ্লুরোসিস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে আশার কথা হচ্ছে, ফ্লোরাইডযুক্ত চা পান কমিয়ে দিলে আবার শারীরিক সমস্যা হ্রাস পেতে থাকে। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ