বাঁশের সাঁকোই একমাত্র ভরসা
মো. কাজী সোহেল, দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ : ০৯ জুন ২০১৪, ২২:২০
ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের তুইতাল-বকচর গ্রামের উপর দিয়ে বয়ে চলা ইছামতি নদীর তুইতাল-বকচর খালের উপর একটি ব্রিজের অভাবে বাঁশের সাঁকো দিয়ে মানুষের যাতায়াতের একমাত্র ভরসা।
সাঁকোর উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে কোমলমতি শিশু-কিশোর ও বৃদ্ধারা। গ্রামবাসী জানায়, এ সাঁকোর উপর দিয়ে পারাপার হতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে পথচারীদের। স্বাধীনতার ৪২ বছরেও এ নদীর উপর একটি ব্রীজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। ব্রীজ নির্মাণ হলেই এলাকার গ্রামবাসীর ভাগ্যের পরিবর্তন আসতে পারে। নয়নশ্রী ইউনিয়নে অবস্থিত তুইতাল-বকচর গ্রামের ওপর দিয়ে ইছামতি নদীর শাখার উপর একটি ব্রীজের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী।
তুইতাল গ্রামের মো. জামাল বলেন, অনেকেই প্রতিশ্রুতি দেয় আমাদের যাতায়াতের পথে ব্রীজ নির্মাণ করে দেয়ার; কিন্তু নির্বাচনের পর কেউ আর গ্রামবাসীর খোঁজ-খবর নেয় না। এখানে একটি ব্রীজ নির্মাণের দাবি জানিয়েছেন গ্রামবাসী। এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা প্রধান প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকতাদের জানানো হবে।