গাংনীর মেয়রের অপসারণ আদেশ স্থগিত

মেহেরপুরের গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীকে অপসারণে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনার বিরুদ্ধে স্থাগিতাদেশ প্রদান করেছেন উচ্চ আদালত। আহম্মেদ আলীর দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি শেষে ৩ জুন ৬ মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ। বিচারপতি কাজী রেজা-উল হক ও এ.বি.এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত ওই বেঞ্চের আদেশ রবিবার মেহেরপুর জেলা প্রশাসক, গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়র আহম্মেদ আলীর কাছে পৌঁছায়। পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজে মেয়রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গত ২৮ মে তার পদ থেকে অপসারণের নির্দেশ দেয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-২ শাখার সিনিয়র সহকারী সচিব সরোজ কুমার নাথ।