সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। শিবালয়ে ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত শিবালয় (মানিকগঞ্জ) \ ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বোয়ালি ব্রিজের পশ্চিমে ধান বোঝাই ট্রাক উল্টে তিন কৃষক নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- শিবালয় উপজেলার আলোকদিয়া চরের বাসিন্দা সামিদুল (২৫), ছৈয়দ আলী (৩৩) ও খলিলুর রহমান (৫০)। হতাহত ১০ জনের মধ্যে অধিকাংশ শিবালয় উপজেলার আলোকদিয়ার চরের বাসিন্দা। গতকাল সোমবার মানিকগঞ্জের সিংগাইরের মানিকনগর থেকে ১৪/১৫ জন কৃষক ট্রাকে করে ধান নিয়ে আরিচা যাওয়ার পথে ব্রিজের সাথে ধাক্কা লেগে ট্রাক উল্টে যায়। গুরুতর আহত- রুশনাই (৪৯), মোজা আলী (৪০), লাভলু (২৭), সাইদুল (২৭) ও তোতা মিয়াকে (৩৯) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। গাজীপুরে বাস চাপায় রিকশাচালক নিহত গাজীপুর\ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার টেকনগপাড়া এলাকায় রবিবার রাতে অজ্ঞাত বাস চাপায় নূরে আলম (৩০) নামে এক রিকশাচালক নিহত হয়েছে। তিনি জামালপুরের বকসিগঞ্জ উপজেলার সারপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: কামাল পাশা জানান, টেকনগপাড়া এলাকায় ঢাকাগামী একটি বাস বিপরীতগামী একটি রিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে চালক নূরে আলম ঘটনাস্থলে মারা যায়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এনায়েতপুরে নসিমন চাপায় স্কুল ছাত্র নিহত চৌহালী (সিরাজগঞ্জ) \ সিরাজগঞ্জের এনায়েতপুরের কামালপুরে নসিমন চাপায় স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত মনিরুল ইসলাম (১২) একই এলাকার হজরত আলীর ছেলে। খুকনী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানায়, রবিবার রাতে সাইকেল নিয়ে পার্শ্ববর্তী বেতকান্দি মেধা বিকাশ কিন্ডার গার্টেনের ৮ম শ্রেণীর ছাত্র মনিরুল কোচিং শেষে সাইকেল নিয়ে নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে চৌরাস্তা এলাকায় পৌছলে দ্রুতগামী একটি নসিমনের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। পরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিত্সাধীন অবস্থায় সোমবার ভোর রাতে মারা যায়। এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি ওহেদুজ্জামান জানান, বিষয়টি আমরা অবগত।