স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে চোটের কবলে পড়া ইংলিশ পেসার মার্ক উডের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা কেটে গেছে। রবিবার ইংল্যান্ডের মেডিক্যাল দল এ খবর জানায়।
বিশ্বকাপের আগে দারুণ ছন্দে ছিল ইংল্যান্ড দল। তবে বিশ্বকাপ শুরুর আগে চোটাঘাত তাদের ভাবনায় ফেলে দিয়েছিলো। প্রথম প্রস্তুতি ম্যাচের আগে আঙুলের চোট অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে দেয়নি অধিনায়ক ইয়ন মরগ্যানকে। এরপর ম্যাচটিতে পঞ্চম ওভারের দ্বিতীয় বলটি করতে গিয়ে দুইবার রান আপ ছেড়ে দিয়েছিলেন উড। এরপর এক পর্যায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাকে। চার ওভারের স্পেলে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের উইকেটটি পাওয়া এই বোলার বাকি ম্যাচে আর মাঠেই নামেননি।
রবিবার তার চোটের গভীরতা পরখ করতে তাকে স্ক্যানে পাঠায় মেডিক্যাল দল। সেখান থেকে সবুজ সঙ্কেত মেলায় বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দল নির্বাচনেও বিবেচনায় থাকবেন উড।