শিবালয়ে আইন-শৃঙ্খলার অবনতি
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৯ জুন ২০১৪, ২২:২৬
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গত কয়েকমাসে ডাকাতি, চুরি, ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। গত রবিবার গভীররাতে উপজেলার নয়াচর গ্রামে ডাকাতির ঘটনায় ৩ জন আহত, স্বর্ণালঙ্কার-নগদ অর্থসহ ১২ লক্ষ টাকার মালপত্র লুট হয়েছে। ডাকাতদের আঘাতে গুরুতর আহত বিশিষ্ট ব্যবসায়ী রথিন সাহা (৫০), স্ত্রী অর্চনাকে (৪৫) মুমূর্ষু অবস্থায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুত্র অভি (১৪) চিকিত্সাধীন। ঘটনাস্থলে ১ ডাকাত আটক ও ৩২ হাজার টাকা উদ্ধার হয়েছে।
পুলিশ জানায়, ৮/১০ জনের একদল ডাকাত ওই বাড়িতে হানা দেয়। ডাকাতরা দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মারধোর শুরু করে। তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে অলংকার, টাকা ও অন্য মালপত্র লুটে নেয়। আশেপাশের লোকজনের চিত্কারে পলায়নপর ডাকাত সদস্য লিটন (৩৫) ধরা পরে। সে মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামের সাহাজুদ্দিনের পুত্র।
উল্লেখ্য, গত ৩/৪ মাসে এ উপজেলা ও পার্শ্ববর্তী এলাকায় একাধিক দুর্ধর্ষ ডাকাতি, দুঃসাহসিক চুরি, ছিনতাই ও হত্যাসহ নানা অপরাধের ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এদিকে পুলিশ বলছে , গ্রামে গ্রামে স্থানীয় লোকের নৈশপ্রহরাসহ পুলিশি তত্পরতা বৃদ্ধি করা হয়েছে।