রায়পুরায় অগ্নিকাণ্ড
১২টি ঘর ভস্মীভূত
প্রকাশ : ০৯ জুন ২০১৪, ২২:২৭
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
রায়পুরা পৌর এলাকার তুলাতলী বাজার সংলগ্ন হাজী ভিলা নামে একটি টিনসেট পাকা বাড়ির ১২টি কক্ষই ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে। ২টি কক্ষে বাড়ির মালিক নিজে আর ১০টি কক্ষে সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত লোকজন ভাড়া থাকতেন। অগ্নিকাণ্ডে মোটরসাইকেল, ফ্রিজ, টিভিসহ অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
গতকাল রবিবার সন্ধায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার আনুমানিক সন্ধা ৬টায় হঠাত্ করে বাড়ির দক্ষিণ পাশ দিয়ে দাউ দাউ করে আগুনের লেলিহান জ্বলতে থাকে। বাড়ির লোকজনের চিত্কার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো বাড়ি ভস্মীভূত হয়ে গেছে।
রায়পুরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ লিডার মো. শফিকুল ইসলাম জানান, আমাদের সাথে স্থানীয় জনতা সহযোগিতা না করলে ক্ষতির পরিমাণ আরো বেড়ে যাওয়ার আশংকা ছিল। আগুনের সূত্রপাত কিভাবে জানতে চাইলে তিনি বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।