কয়েদিকে মাদক দিতে এসে যুবক কারাগারে

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক এক কয়েদিকে মাদক সরবরাহ করতে এসে আটক হয় ফয়সাল নামের এক যুবক। পরে ওই যুবককে কুমিল্লা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম সরদার ২ মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করেন। গতকাল সোমবার কারাগারের হাজতি-কয়েদিদের সাথে সাক্ষাত্কারের কক্ষে এ ঘটনা ঘটে। কারাগারের জেলার নাসির আহমেদ জানান, গতকাল সোমবার কয়েদির সাথে সাক্ষাত্কারের কক্ষে যায় জেলার আদর্শ সদর উপজেলার রঘুপুর গ্রামের প্রবাসী বাবুল মিয়ার ছেলে মো. ফয়সাল (২২)। এসময় কারাগারে আটক এক কয়েদির সাথে কথা বলার একপর্যায়ে নেশাজাতীয় ট্যাবলেট ভর্তি একটি প্যাকেট সে চিকন তার দিয়ে পেঁচিয়ে ভেতরে সরবরাহের চেষ্টা চালায়। এসময় কর্তব্যরত কারারক্ষীরা তাকে আটক করে। খবর পেয়ে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম সরদার ওই যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১)১১ ধারা অনুযায়ী ২ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।